রবিবার, ৩০ আগস্ট, ২০২০

ধ্বংসের ঝোড়ো রেখা

 















মাথা নিচু করলে যতটা আকাশ আঁকা যায়
তার অর্ধেকেরও কম জমি আমাদের সভ্যতার
বইয়ের পাতায় পাতায় অসংখ্য ঘর
স্কুলের দুয়ারে বই হাতে যারা উঠেছিল
তাদের অনেকেরই আজ বয়স হয়ে গেছে
যারা ভেবেছিল স্কুলের ছাদে উঠে মশান দেখা যায়
তাদের গাছের পাতা কবেই গেছে শুকিয়ে

প্রতিবাদের মতো কঠিন শব্দকণার দানায় তৈরি
একসময়কার রোজকার মুখস্থ পথের চোখে
রুমাল বেঁধে পোশাক বদলেছে গর্তের কৌশল
গাছের ভগ্নাংশে চোখ পড়ে আত্মহত্যার দিনলিপি

আলোহীন স্তব্ধতার পৃষ্ঠায় আঁকা ধ্বংসের ঝোড়ো রেখা ।


শনিবার, ২৯ আগস্ট, ২০২০

মঞ্চে উঠে

 














সভার মঞ্চে উঠলেই মনে হয়
সবাইকে সবকিছু বলে দিই
তারপর ভাবি কী আর বলবো
সেই তো এক অভাব, কোথাও কিচ্ছু হচ্ছে না, 
যে যা পাচ্ছে যা খুশি নিয়ে নিচ্ছে

আমি না বললেও কেউ কেউ তো বলেছে
কী বদলটা হয়েছে তাদের ?
সেই তো অভাবের এক ডাল থেকে আর এক ডালে

আজকেও অনেক কিছু বলবো ভেবেছিলাম
শেষমেষ একটা কবিতা বলে নেমে এলাম ।


বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বয়স

 












বয়স তো বাড়বেই
কবে আর কে কোথায়
একা একা চুপচাপ দাঁড়িয়ে থেকেছে বল?

যেতে যেতে হঠাৎ যদি
তোকে দাঁড় করিয়ে দেওয়া হয়
তুই মেনে নিতে পারবি?
শুধু তুই কেন, কেউ পারবে না

ওরে ক্ষ্যাপা, এগিয়ে যাওয়াতেই তো মজা
যত এগোবি ততই বদলে বদলে যাবে রঙ
বাড়ুক না বয়স
তুইও কমানোর যাদুটা শিখে নে
চারপাশ দেখে চল
সেরকম দোকান দু'একটা পেয়ে যাবি
পেয়েও যেতে পারিস দু'একজনকে
যাদের কাছ থেকে জেনে নিবি
ঠিক কোথায় হাত দিলে বয়সটা
এক ধাক্কায় এক কুড়িতে নেমে আসবে ।


শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

রাস্তার কাছে

 















রাস্তার কাছে গেলেই
সে আমাকে তার পরিচয় দেয়
আমি নতুন হলেও
সে আমার চোখ দেখে না
ভালোবাসার কথা বললেও
সে আমাকে ছোঁয় না পর্যন্ত

পাশে বসলে একটাই অভিযোগ ------
কষ্টটুকু তাৎক্ষণিক সামলেই
যুদ্ধে নেমে পড়া কেন ?
ধারাবাহিক শুশ্রূষা কোথায় ?

শান্ত করতে রাস্তাকে বলি -----
আমাদের জীবনটাই এরকম ।



বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

নিজের কপাট

 











একরাশ আবর্জনার মধ্যে থেকে

তিনটি ধান খেয়ে উড়ে গেল
                         সেদিনের চড়াই ।

অনেক অকথার মধ্যে থেকে
তোমার কথা
নিজ গুণে কবে চিনতে পেরেছি ?

ঝড় উঠলে
সব দিক ভুলে
আগে নিজের কপাট বন্ধ করেছি ।

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

দূরে গেলেও

 















অত জোর করে বেঁধো না
বাঁধারই প্রয়োজন নেই
তবু যদি বাঁধতেই হয়
হাত দিয়ে জড়িয়ে থাকো
তোমার হাতই জেনে যাবে
কার সঙ্গে বাঁধা আছে এতকাল

এবার দাও না ছেড়ে তাকে
লতার মতো করেই সে ঘুরবে
দূরে গেলেও বুঝতে পারবে
সে আছে তোমার হাতেই ।





মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

মহাশূন্য















নীল আর তোমার কাছে নীল নেই
হালকা হতে হতে হতে হতে 
এখন সে একটা সমীকরণ হয়ে গেছে ।

ঘাসের বিছানায় শুয়ে এখন 
তুমি আর আকাশ দেখো না
আকাশটা আজ আর তোমার কাছে ছাদ নয়
একটা শূন্য, শুধু শূন্য নয় ------- মহাশূন্য ।

আকাশকে আকাশ ভাবতে আপত্তি কোথায় ?
থাক না মাথার ওপর একটা ছাদ
যাও না এবার ইচ্ছামত যেদিকে খুশি
মাথার ওপর তো একজন ছাতা ধরে রইলই। 

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...