সোমবার, ২৭ জুলাই, ২০২০

নির্মাণ আলোর নিহিত রহস্য







অসমাপিকা ক্রিয়ায় গড়িয়ে যাচ্ছে দিন
চেনা দিন রাতের মধ্যে একটা আলো
খুব চেনা পথকেও যেন সে বদলে দিচ্ছে
তার নিজের আলোয় নিজের মতো করে 

অনেকের মধ্যে ভেসে বেড়ালেও
আমারও একটা নিজস্ব আলো আছে
এবং আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত আলো
এসবের যোগফল এখন আমার শরীরে
এতদিন সবাই আমাকে জানিয়েছে
এবং আমি নিজেও অন্ধ নই
আলো মানেই সংঘাত
পিলসুজের গায়ে ও চারপাশে
অন্ধকারের ঘন বুননের সঙ্গে

বটগাছটার পিছনে তখনও যারা
সকালে পরিবারটাকে সাজিয়ে নেওয়ার জন্য
মাটি কোপাচ্ছিল
তারাও এলো নিজেদের আলো নিয়ে
না, সংঘাতের কোনো গন্ধই নেই
তাড়াতাড়ি আসার জন্যে যে লোকটা
রথের মেলায় কেনা জুতোটাও পড়তে পারে নি
আজ এই অবেলায় জুতো পড়তে পড়তে
তার সামান্য আলোটাও 
চলে গিয়েছিল অনেকটাই আড়ালে
সংঘাত কি জিনিস জানতে পারল না সেও 

সবাই নিজের মতো করে সাজাচ্ছিল
কেউ কারও দিকে তাকাচ্ছিল না পর্যন্ত
ঠিক যেমন সবাই চেয়ারের সামনে দাঁড়িয়ে
নিজের নিজের পরিচয় দেয়
কেউ কাউকে অনুকরণ করে না
প্রত্যেকটাই হয় নিজের রঙে রঙিন

সূর্য যখন বটগাছের মাথা পেরিয়ে
অনেকটাই পশ্চিমে ঢলে পড়েছে
তখন অনেকেরই নিজের নিজের
বাড়ির কথা মনে পড়ে গিয়েছিল
কারখানার পরিশ্রমের পরেও
তাদের শরীরে ছিল না কোনো ক্লান্তির ছাপ
সব শেষে তারা যত্নের নির্মাণের সামনে
সাজিয়ে দিয়েছিল তাদের যৎসামান্য আলোটুকু
ততক্ষণে তারা এক একটি গাছ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিঁড়ি

  আমার ভাবনার মধ্যে  কখনও সিঁড়ি ছিল না চললে সিঁড়ি তো লাগেই তাই রাস্তায় সিঁড়ি আসে সিঁড়ি তো আসলে রাস্তা নদীর এগিয়ে চলার পথ সিঁড়ি দিয়ে ...